প্রধান খবর

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটি

বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটি পাচ্ছে দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পাবে। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও এ সময়ের মধ্যে পড়েছে।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরে ১ ও ২ জানুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১৮ দিনের ছুটি উপভোগ করবেন।

অন্যদিকে, সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৫ দিনের অবকাশ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় এসব তথ্য উল্লেখ রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি প্রয়োগের সুযোগও রাখা হয়েছে। কোনো প্রতিষ্ঠান এই ছুটি ব্যবহার করলে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *