দীর্ঘ জল্পনা-কল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) পরিচালনার চুক্তির বিষয়টি অবশেষে চূড়ান্ত হয়েছে। আগামী সোমবার (৩০ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং জাপানি কনসোর্টিয়ামের মধ্যে আনুষ্ঠানিক কনসেশন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অগ্রাধিকার ভিত্তিতে টার্মিনালটি চালুর উদ্যোগ নেয় এবং আগামী ১৬ ডিসেম্বর এটি উদ্বোধনের রোডম্যাপ ঘোষণা করে।
বেবিচক সূত্রে জানা গেছে, চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামীকাল রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। পরদিন সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচকের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে এ চুক্তির অনুমোদন দেওয়া হয়।
তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর আগে জাপানি কনসোর্টিয়ামের বেশ কিছু শর্ত নিয়ে নানা পর্যায়ে আপত্তি ও বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করার শর্ত নিয়ে প্রশ্ন ওঠে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে সমালোচনা হয়। পাশাপাশি চুক্তির আর্থিক কাঠামো অনুযায়ী বাংলাদেশের মূল রাজস্ব ২৭ শতাংশ নির্ধারিত থাকলেও, আংশিক কার্যক্রম (ওপিসিডি) থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় (সিএমডি) উত্তরণের অন্তর্বর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার শর্ত ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং মাশুল নিয়েও ব্যাপক আলোচনা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয় (প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা)। প্রকল্পের ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে এর সফট উদ্বোধন করা হয়েছিল। তবে জাপানি অপারেটরের সঙ্গে শর্তাবলি নিয়ে সমঝোতা না হওয়ায় দুই বছরেরও বেশি সময় ধরে টার্মিনালটি বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হয়নি।
বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। নতুন এই তৃতীয় টার্মিনালটি যুক্ত হলে বছরে মোট ২ কোটি যাত্রীকে আন্তর্জাতিক মানের সেবা দেওয়া সম্ভব হবে। নতুন টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের আদলে নির্মিত এই টার্মিনালে যাত্রীদের জন্য থাকছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দীর্ঘ পথ হাঁটার কষ্ট লাঘবে স্ট্রেইট এক্সকেলেটর, ১৬টি রেগুলার ও ৪টি অতিরিক্ত ওজনের ব্যাগেজ বেল্ট, তিনটি আলাদা ব্যাগেজ স্টোরেজ এরিয়া, ১০০টি চেক-ইন কাউন্টার এবং ১০টি স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন কিওস্ক মেশিন। এ ছাড়া প্রতিটি ওয়াশরুমের সামনে মা ও শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং বুথ ও ডায়াপার পরিবর্তনের সুবিধাসংবলিত বেবি কেয়ার লাউঞ্জ, চিলড্রেন প্লে এরিয়া, হেলথ ইন্সপেকশন রুম, ফার্স্ট-এইড ও আইসোলেশন এরিয়া স্থাপন করা হয়েছে। শীঘ্রই যাত্রীদের অবসর সময় কাটানোর জন্য মুভি লাউঞ্জ ও এয়ারলাইন্স লাউঞ্জের কাজও সম্পন্ন হবে।

