পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি। সকালে মিরপুর, বাংলামোটর, হাতিপুলসহ বিভিন্ন এলাকায় ফজরের নামাজের পর থেকেই পশু জবাই করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কসাই সংকট, অতিরিক্ত মজুরি দাবি এবং পারিবারিক ঐতিহ্য ধরে রাখার কারণে অনেকেই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন। যারা একাধিক পশু কোরবানি করেন, তারাও আজ জবাই করছেন। যদিও প্রথম দিনের তুলনায় সংখ্যা তুলনামূলক কম।
ইসলাম ধর্ম অনুযায়ী, ঈদের দিন ছাড়াও জিলহজ মাসের ১১ ও ১২ তারিখে কোরবানি করা যায় তাই অনেকেই স্বাচ্ছন্দ্যে দ্বিতীয় দিনকে বেছে নিচ্ছেন।
মিরপুরের এক বাসিন্দা বলেন,“ঈদের দিন কসাই পাওয়া যায় না। কয়েকজনের সঙ্গে কথা বললে অতিরিক্ত মজুরি চেয়েছে। তাই আজ কোরবানি দিচ্ছি।”
আরও কয়েকজন জানান,“ঝামেলামুক্ত থাকতে দ্বিতীয় দিনে গরু কোরবানি দিচ্ছি।”

