মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করা হয়।
ইনুর আইনজীবী সিফাত মাহমুদ শুভ আপিলের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই মামলায় ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়েও আপিল করা হয়।
গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় তাঁকে প্রতিটিতে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। তবে তিনটি সাজা একসঙ্গে কার্যকর হওয়ার নির্দেশ থাকায় তাঁকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, রাইসুল হকসহ অন্যদের গুরুতর আহত করা, নির্যাতন ও রাজনৈতিক কারণে নিপীড়ন এবং মানবতাবিরোধী অপরাধে ষড়যন্ত্র ও সহযোগিতার অভিযোগ প্রমাণিত হয়। দুটি অভিযোগে তাঁকে পৃথকভাবে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। অন্যদিকে প্রমাণের অভাবে বাকি পাঁচটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।

