দিল্লির অভিজাত জিমখানা ক্লাবের ঐতিহ্য, ক্ষমতা ও প্রভাব নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই মুম্বাইয়ে ছড়িয়ে পড়ে রণবীর সিংয়ের ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর খবর। কোনো নাটকীয়তা নয়, কোনো প্রতিক্রিয়া নয় রণবীর কেবল একটি সংক্ষিপ্ত বিবৃতিতে নিজের অবস্থান জানিয়ে নীরব থেকেছেন। আর এই নীরবতাই বলিউডে আরও বড় আলোড়ন তুলেছে।
লেখক ও কলামিস্ট শোভা দে এই দুই ভিন্ন ঘটনার মধ্যে এক অদ্ভুত সেতুবন্ধন তৈরি করে মন্তব্য করেছেন রণবীর সিং নাকি বলিউডের ‘দিল্লি জিমখানা’। প্রথমে অদ্ভুত মনে হলেও, গভীরে গেলে তুলনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
দিল্লি জিমখানা ক্লাব কেবল একটি প্রতিষ্ঠান নয় এটি ভারতের অভিজাত ক্ষমতাকাঠামোর প্রতীক। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবে সদস্যপদ পাওয়া মানে বংশমর্যাদা, নেটওয়ার্ক ও প্রভাবের স্বীকৃতি। সাম্প্রতিক সময়ে সরকারি নির্দেশে জমি ছাড়ার মামলা এই ক্লাবকে নতুন ক্ষমতার দ্বন্দ্বে ফেলেছে।
শোভা দে মনে করেন, রণবীরের বিরুদ্ধে এফডব্লিউআইসিই এর অসহযোগিতা নির্দেশ এবং ‘ডন ৩’ থেকে তার প্রস্থান দুটোই বলিউডের ক্ষমতা প্রদর্শনের উদাহরণ, যেখানে কাউকে তার ‘জায়গা’ বুঝিয়ে দেওয়ার প্রবণতা কাজ করে।
রণবীর সিং সবসময়ই এমন একজন তারকা, যাকে উপেক্ষা করা যায় না। তার অভিনয়, ব্যক্তিত্ব, পোশাকের বৈচিত্র্য সব মিলিয়ে তিনি বলিউডে আলাদা জায়গা তৈরি করেছেন। এমন একজন তারকার ‘ডন ৩’ থেকে সরে যাওয়া ইন্ডাস্ট্রির অহমে আঘাত করেছে। সাধারণত কোনো বড় সিনেমা আটকে গেলে শুধু তারকারাই ক্ষতিগ্রস্ত হন না, পুরো ইউনিটের রুজি-রুটিতে টান পড়ে।
কিন্তু এই বিতর্কের মাঝেও রণবীরের নীরবতা সবাইকে আরও বিস্মিত করেছে। কোনো ক্ষোভ প্রকাশ না করে, কোনো টকশোতে না গিয়ে, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট না দিয়ে তিনি যেন এক কৌশলগত নীরবতা বজায় রেখেছেন যা পর্দার ‘ডন’ চরিত্রের সঙ্গেই মিলে যায়।
বলিউড বিশ্লেষকদের মতে, ‘ধুরন্ধর’ এর সাফল্যের পর রণবীর এখন নিজের শর্তে কাজ করছেন। চিত্রনাট্যের অন্ধকার দিক, শিডিউল পরিবর্তন বা ফ্র্যাঞ্চাইজি ক্লান্তি যে কারণই হোক, তিনি এখন যুদ্ধ বেছে নিচ্ছেন নিজের মতো করে। অন্যদিকে ‘ডন ৩’ নিজেই এক অফস্ক্রিন থ্রিলারে পরিণত হয়েছে শাহরুখ খানের বিদায়, রণবীরের প্রবেশ, আবার প্রস্থান, আর এখন নতুন ডনের খোঁজে জল্পনা-কল্পনা সব মিলিয়ে নির্মাতা ফারহান আখতারও যেন এক গোলকধাঁধায় আটকে আছেন।
শোভা দে-র উপমা আধুনিক ভারতের ক্ষমতা ও প্রথা ভাঙার এক প্রতীকী উদাহরণ। দিল্লি জিমখানা যেখানে পুরোনো ক্ষমতা ধরে রাখতে লড়ছে, রণবীর সেখানে নতুন যুগের তারকা যিনি কোনো বাঁধাধরা নিয়ম মানতে নারাজ। সুট-টাই পরে সংলাপ বললেই ডন হওয়া যায় না; যখন সবাই খেলা নিয়ন্ত্রণ করতে চায়, তখন শান্তভাবে টেবিল ছেড়ে উঠে যাওয়া সেটাই আসল ডনসুলভ আচরণ। আর রণবীর সিং ঠিক এখন সেটাই করে দেখিয়েছেন।

