বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার মধ্যেও ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা ও মহানগরজুড়ে উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, আত্মত্যাগ ও ত্যাগের মহিমা স্মরণে বৃহস্পতিবার সকাল থেকে জেলার ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকালের ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে নানা বয়সী মুসল্লিরা ছাতা মাথায় কিংবা বৃষ্টিতে ভিজেই ঈদগাহ ও মসজিদে ছুটে আসেন। প্রতিটি ঈদগাহেই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জামাতে ইমামতি করা হয়, আর এর আগে বয়ান পেশ করেন মুফতি মাওলানা জুনেদ আহমদ আনসারী। তিনি বয়ানে ঈদুল আজহার তাৎপর্য, ত্যাগের শিক্ষা এবং মানবতার কল্যাণে আত্মনিবেদনের গুরুত্ব তুলে ধরেন।
সিলেটের প্রধান জামাতে অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

