রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় ব্যাংক থেকে ৩৮ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ছিনতাইকারীর বিরুদ্ধে। রোববার দুপুরে মোটরসাইকেলে এসে ওই ব্যক্তির কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তারা।
ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী তাদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিটকে সড়কে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক ব্যক্তির নাম তানভীর আবেদীন (৪১)। তার কাছ থেকে একটি রিভলবার ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর একজন ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক তানভীরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। পরে ধানমন্ডি থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মজবুর রহমান (৬০) ও মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

