রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৪৯ জন, মিরপুরে ১২৫ জন, গুলশানে ৪০ জন এবং উত্তরা বিভাগে ৫০ জন রয়েছেন।
অভিযান চলাকালে পুলিশ ১৭ রাউন্ড শর্টগানের গুলি, ৩ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩ পিস ইয়াবা ও ২ দশমিক ০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া উদ্ধার করেছে। এ ছাড়া ৯টি মোবাইল ফোন, ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

