জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল। রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী জানান, তার সঙ্গে কাজ করার জন্যই বিদেশি এই আইনজীবী আবেদন করেছেন।
চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমানের মামলায় অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন।
অভিযোগে আরও বলা হয়েছে, এসব নির্যাতন বন্ধে অভিযুক্তরা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও অপর আসামি আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই তাদের মধ্যে ফোনে কথোপকথন হয় বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ মামলায় সালমান এফ রহমানের পক্ষে বর্তমানে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী রয়েছেন। তার সঙ্গে কাজ করার জন্যই ব্রিটিশ চেম্বারের আইনজীবী গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করেন। গত ২৪ আগস্ট বার কাউন্সিল আবেদনটি গ্রহণ করেছে। তবে বিদেশি আইনজীবী হিসেবে তাকে মামলায় লড়ার অনুমোদন দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

