বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। রোববার (৩০ আগস্ট) রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সার্জিও গর তার পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। তিনি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক কার্যক্রম জোরদারে কাজ করছেন বলেও উল্লেখ করেন।
সার্জিও গর জানান, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও একটি চুক্তি হয়েছে। এর ফলে বাংলাদেশ বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করার অঙ্গীকার করেছে এবং আগে দেওয়া অর্ডারের পরিমাণও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় শুল্ক চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েছিল। এর ধারাবাহিকতায় গত ১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা ব্যয়ে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি করে। সার্জিও গরের নতুন বক্তব্যে বাংলাদেশের বোয়িং বহর আরও সম্প্রসারণের সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে।

