প্রধান খবর

প্রবাসে বাংলা সংস্কৃতির ২৫ বছর: সিডনিতে মহা আয়োজনের প্রস্তুত ‘সিডনিবাসী বাংলা’

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলা ভাষা, শিল্প ও দেশীয় সংস্কৃতির প্রসারে দীর্ঘ পথচলার রজতজয়ন্তী পূর্ণ করতে যাচ্ছে অনলাইন পোর্টাল ও মাধ্যম ‘সিডনিবাসী বাংলা’। প্রবাসে আড়াই দশকের এই গৌরবান্বিত যাত্রাকে স্মরণীয় করে রাখতে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায় হার্স্টভিলের ঐতিহ্যবাহী ‘হার্স্টভিল সিভিক থিয়েটার’-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো বর্ষপূর্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা।

‘সিডনিবাসী বাংলা’র সম্পাদক প্রকৌশলী আবদুল মতিন এই বিশেষ রজতজয়ন্তী উদযাপনের বিস্তারিত তুলে ধরে জানান, দীর্ঘ ২৫ বছর ধরে SydneyBashi-Bangla.com সিডনির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির তথ্য, রেডিও ও মিডিয়ার সংযোগসেতু হিসেবে কাজ করে আসছে। এই মাইলফলক উদযাপন উপলক্ষে সংগীত, আড্ডা ও বিশেষ গুণীজন সম্মাননা পর্বের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত বিখ্যাত নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। পাশাপাশি সংগীতে অংশ নেবেন জনপ্রিয় প্রবাসী শিল্পী আমিয়া মতিন ও ড. আবদুল্লাহ মামুন। পুরো সাংস্কৃতিক পরিবেশনায় যন্ত্রসংগীতে সঙ্গত করবেন গিটারে শোহেল খান, তবলায় অভিজিৎ দান, অক্টোপ্যাডে শারিয়ার এবং কিবোর্ডে নীলাদ্রি।

আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠানের প্রবেশদ্বার খুলবে সন্ধ্যা ৬টায় এবং মূল আয়োজন শুরু হবে ৬টা ৩০ মিনিটে। দেশী ইভেন্টসের (Deshi Events) মাধ্যমে ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। সিডনিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের পরিবারসহ এই বর্ণিল মিলনমেলায় উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *