বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তাবিত টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ পূর্বনির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব না হলেও সিরিজটি নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দুই বোর্ডই সিরিজ আয়োজনের জন্য নতুন উপযুক্ত সময় খুঁজছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
সিরিজটি বাতিল হওয়ার গুঞ্জন নাকচ করে তামিম ইকবাল জানান, দুই বোর্ডই সিরিজটি আয়োজনের বিষয়ে আন্তরিক। বাংলাদেশ ও ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে নতুন সময় নির্ধারণে আলোচনা চলছে। সম্ভাব্য একটি সময় নিয়ে দুই পক্ষই চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।
বিপিএলের সাম্প্রতিক বিতর্ক ও দুর্নীতির প্রসঙ্গেও কথা বলেন বিসিবি সভাপতি। তিনি জানান, এরই মধ্যে কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছে এবং শিগগিরই আরও কয়েকজনের নাম প্রকাশ করা হতে পারে। বিষয়টি আইনজীবীরা তদারকি করছেন এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করা হবে।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ এবং কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রসঙ্গেও মন্তব্য করেন তামিম। তার মতে, মোস্তাফিজকে ঘিরে তৈরি পরিস্থিতিতে দেশবাসী হতাশ হয়েছিল। একই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগটি আরও সতর্ক ও দক্ষতার সঙ্গে আলোচনার মাধ্যমে নিশ্চিত করা যেত বলেও মন্তব্য করেন তিনি। খেলাধুলাকে রাজনীতি ও অন্যান্য বিষয়ের সঙ্গে না মিশিয়ে খেলাকে তার নিজস্ব জায়গায় রাখার আহ্বান জানান বিসিবি সভাপতি।

