প্রধান খবর

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালামের আপিলের আদেশ ৭ সেপ্টেম্বর

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (৩১ আগস্ট) আপিল বিভাগ এ দিন নির্ধারণ করেন। আদালতে আবুল কালাম আযাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট আপিল শুনানির জন্য ১৭ আগস্ট দিন নির্ধারণ করা হয়। পরে ৩১ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। সোমবার বিষয়টি আদালতে উপস্থাপিত হলে আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আপিলে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনার আবেদন করেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের সাজা স্থগিত রাখার আবেদনও জানান। আবুল কালাম আযাদ একসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) ছিলেন। পলাতক অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দীর্ঘ সময় পর চলতি বছরের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। জানা গেছে, আপিল বিভাগে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার উদ্দেশ্যেই তিনি আত্মসমর্পণ করেন। এর আগে তার মৃত্যুদণ্ডের সাজা রাষ্ট্রপতি স্থগিত করেছিলেন। আত্মসমর্পণের পর আপিলের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *