আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাতকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে জামাতে অংশগ্রহণ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদগাহে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ছাড়া অন্য কোনো পথ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোনো বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে।
এবারের ঈদুল আজহার জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখায় বিজিবি সবসময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
দেশের সর্ববৃহৎ এই ঈদ জামাতে আগত লাখো মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আশা করা হচ্ছে, বিজিবি ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় শোলাকিয়ার এই বৃহৎ ঈদ জামাত শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে।

