প্রধান খবর

    রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী: প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বাংলা সাহিত্যের ধ্রুবতারা ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বিশ্বকবির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রবীন্দ্র-চেতনার গুরুত্ব তুলে ধরেন।

    প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অবিনাশী সৃজনশীলতার মূলে ছিল বিশ্বশান্তি ও মানবকল্যাণ। কাব্য, সংগীত, নাটক ও চিত্রকলার প্রতিটি শাখায় তিনি যেভাবে মানবতা, প্রেম ও প্রকৃতির জয়গান গেয়েছেন, তা আমাদের চিন্তার জগতের এক অমূল্য সম্পদ। প্রধানমন্ত্রী বলেন, “তাঁর সারা জীবনের যুক্তিবোধ ও মঙ্গলভাবনা থেকে তিনি আন্তর্জাতিকতার মর্মকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন।”

    বাংলাদেশের জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকবির অনস্বীকার্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান ছিল প্রেরণার অন্যতম উৎস। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, সাধারণ মানুষের দুঃখ-বেদনার কথক হিসেবে রবীন্দ্রনাথের যে রূপ আমরা দেখি, তা মূলত তৎকালীন পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশেরই দান। তাঁর অনবদ্য সৃষ্টি ‘আমার সোনার বাংলা’ আজ আমাদের জাতীয় সংগীত হিসেবে গর্বের সঙ্গে প্রতিষ্ঠিত।

    বর্তমান বিশ্বের অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বর্তমান বিশ্বে চলমান যুদ্ধ-সংঘাত, উগ্রবাদের উত্থান এবং জাতিতে জাতিতে হানাহানির কারণে রবীন্দ্রনাথ আজ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন।” তিনি মনে করেন, কবির অহিংস মতাদর্শ ও মরমি-ভাববাদী চেতনা বিশ্ববাসীর জন্য এক পরম আশ্রয়ের স্থল।

    শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথের আধুনিক ও ব্যবহারিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, নতুন প্রজন্মকে সুশিক্ষার আলোয় আলোকিত করতে কবির ‘শান্তিনিকেতন’ প্রতিষ্ঠা একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। ।

    সবশেষে প্রধানমন্ত্রী রবীন্দ্র-জন্মবার্ষিকীর সকল কর্মসূচির সাফল্য কামনা করেন। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’র জন্য এশীয় হিসেবে প্রথম নোবেল জয়ের সেই গৌরবময় ইতিহাস স্মরণ করে তিনি বাঙালির সাংস্কৃতিক বহুত্ববাদকে বিশ্ব দরবারে সমুন্নত রাখার আহ্বান জানান।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *