প্রধান খবর

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীতে উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষ

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে রাজধানীতে। শুক্রবার বেলা সাড়ে ১১টার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে পৌঁছান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সকালে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর তারা মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হন। বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয় এবং দ্রুত তা সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ পর আন্দোলনকারীরা আবার রিগ্রুপ করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে নতুন করে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন এবং দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান। পুলিশের পক্ষ থেকে বারবার সড়ক ছাড়ার আহ্বান জানানো হলেও তারা অবস্থান ছাড়তে অস্বীকৃতি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডিএমপি কমিশনার ঘটনাস্থলে এসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সংঘর্ষের কারণে যমুনা-সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *