রাজধানীর বিভিন্ন এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানের তথ্য শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সর্বাধিক গ্রেপ্তার করা হয় শাহবাগ থানা এলাকা থেকে। এ সময় শাহবাগ থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। এছাড়া খিলগাঁও ও যাত্রাবাড়ী থানা পুলিশ ৪ জন করে মোট ৮ জন, শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানা পুলিশ ৩ জন করে মোট ৬ জনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে লালবাগ থানা পুলিশ ২ জন এবং কোতোয়ালি, ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর ও বাড্ডা থানা পুলিশ ১ জন করে মোট ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং রাজধানীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

