মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে বাড়ি থেকে বেরিয়েছিল ১৩ বছরের অপ্রতীম। নিখোঁজের পরদিন গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়, যা নাড়া দিয়েছিল সবাইকে। আলোচিত এই হত্যা মামলার চার্জ গঠনের শুনানি আজ রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চার্জশিটে অভিযুক্ত চার আসামির মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মামলাটির বিচার চলবে পৃথক দুই আদালতে।
পুলিশের তদন্তে জানা যায়, আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতীমকে হত্যা করা হয়েছিল। ঘটনার পর চারজনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয় এবং এক আসামির বাসা থেকে অপ্রতীমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। তাদের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার হবে জুভেনাইল আদালতে। অন্যদিকে বাকি দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার কার্যক্রম চলবে কুমিল্লার সেশন আদালতে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কাইমুল হক রিংকু জানান, আদালত চার্জশিট গ্রহণ করেছেন এবং আসামিরা কারাগারে রয়েছেন। আজ চার্জ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, ১৮ বছরের নিচে যাদের বয়স, আইন অনুযায়ী তারা অপ্রাপ্তবয়স্ক এবং তাদের বিচার আলাদা জুভেনাইল কোর্টে হয়ে থাকে।
এদিকে একমাত্র সন্তানকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি স্বজনরা। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবার।
অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, রাষ্ট্র ও বিচারব্যবস্থার প্রতি তাদের আস্থা রয়েছে; তদন্ত ও চার্জশিটে যাদের নাম এসেছে, দ্রুততম সময়ের মধ্যে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করাই তাদের একমাত্র প্রত্যাশা।
নিহত ১৩ বছর বয়সী অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ছিল।

