পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নিশাদ দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তরুণ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রতিমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তাতে মানহানিকর ও বিভ্রান্তিকর মন্তব্য যুক্ত করেন। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তিনি পোস্টটি সরিয়ে ফেললেও পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন, বাকস্বাধীনতার নামে কুরুচিপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং এতে সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হয়। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযোগের ভিত্তিতে তরুণকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।

