হজবিষয়ক বিধিনিষেধ লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ লাখ টাকা পর্যন্ত জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ভিজিট ভিসাধারীদের হজের নিয়ম ভঙ্গ করে আশ্রয় দিলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ জরিমানা গুনতে হবে। হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসা বা অন্য কোনো স্থানে এমন ব্যক্তিদের অবস্থান করতে দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, অবৈধভাবে মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশে সহায়তা করা, লুকিয়ে রাখা কিংবা যেকোনো ধরনের সহযোগিতাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। একাধিক ব্যক্তি জড়িত থাকলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।
পুরো হজ মৌসুমজুড়ে এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করার অনুরোধ করেছে।
এছাড়া, কোনো ধরনের বিধি লঙ্ঘনের তথ্য জানাতে বিভিন্ন অঞ্চলে জরুরি যোগাযোগ নম্বর চালু করা হয়েছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

