পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ-অবরোধের পরিকল্পনাকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মহসিন রেজাই সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন এই উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এটি সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
সিএনএন-এ প্রকাশিত তথ্যানুযায়ী, মহসিন রেজাই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘ঐতিহাসিকভাবে ব্যর্থ’ কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, অতীতেও এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন যতগুলো পদক্ষেপ নিয়েছিল, তার প্রতিটিই মুখ থুবড়ে পড়েছে। বর্তমান প্রেক্ষাপটে নতুন করে অবরোধ আরোপের পরিকল্পনাটি কেবল অবাস্তবই নয়, বরং এর বাস্তবায়নও অত্যন্ত কঠিন বলে তিনি দাবি করেন।
ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে রেজাই জোর দিয়ে বলেন, “ইরান এমন কোনো দেশ নয় যাকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সস্তা হুমকি বা ‘কল্পিত অবরোধ পরিকল্পনা’ দিয়ে দমানো যাবে।” তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের হাতে এখনো এমন কিছু শক্তিশালী ও বহুমাত্রিক সামরিক সক্ষমতা রয়েছে যা যুদ্ধের ময়দানে এখনো পুরোপুরি ব্যবহার করা হয়নি। প্রয়োজন হলে সেই অপ্রকাশিত শক্তি দিয়ে যেকোনো আগ্রাসনের জোরালো জবাব দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, মহসিন রেজাইয়ের এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং এটি ওয়াশিংটনের প্রতি তেহরানের একটি সরাসরি সামরিক সতর্কবার্তা। একদিকে হোয়াইট হাউসের কঠোর অবরোধ নীতি অন্যদিকে ইরানের অপ্রকাশিত সামরিক শক্তির হুঁশিয়ারি-সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন এক অনিশ্চিত সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

