আধুনিক মনোবিজ্ঞানে শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজকে ব্যক্তিত্ব বিশ্লেষণের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে, মানুষের অজান্তেই তার শারীরিক ভঙ্গিমা মানসিক অবস্থা, আত্মবিশ্বাস এবং চিন্তাধারার প্রতিফলন ঘটায়। এর মধ্যে বসার ভঙ্গি অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত।
দৈনন্দিন জীবনে অফিস, বাসা বা সামাজিক পরিবেশে একজন ব্যক্তি কীভাবে বসেন, তা শুধু আরামের বিষয় নয়; বরং তার অভ্যন্তরীণ মানসিক গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের ইঙ্গিত বহন করে। অবচেতনভাবে গড়ে ওঠা এসব ভঙ্গি থেকেই ব্যক্তির স্বভাব ও জীবনদৃষ্টির কিছু ধারণা পাওয়া সম্ভব।
বিভিন্ন গবেষণা ও আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, বসার ভঙ্গির ধরনভেদে ব্যক্তিত্বের ভিন্ন বৈশিষ্ট্য লক্ষ করা যায়। যেমন হাঁটু একসঙ্গে রেখে পায়ের পাতা আলাদা করে বসা ব্যক্তিরা সাধারণত নির্ভার ও পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে সক্ষম। অন্যদিকে পায়ের ওপর পা তুলে বসা ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী ও প্রাণবন্ত স্বভাবের হয়ে থাকেন।
এছাড়া যারা হাঁটু ফাঁক রেখে পায়ের পাতা একসঙ্গে করে বসেন, তারা সাধারণত সতর্ক ও বাস্তববাদী হন। হাঁটু ও পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসা ব্যক্তিরা শান্ত, সংযত ও অন্তর্মুখী স্বভাবের হয়ে থাকেন। আর সামান্য হেলান দিয়ে একই ভঙ্গিতে বসা ব্যক্তিদের মধ্যে লক্ষ্য করা যায় মনোযোগী ও স্পষ্টভাষী বৈশিষ্ট্য।
বিশেষজ্ঞদের মতে, যদিও এসব বিশ্লেষণ সার্বজনীন নয়, তবুও বসার ভঙ্গি মানুষের আচরণগত প্রবণতা বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হতে পারে।

