দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম প্রদান করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এই উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং বছরে একবার শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়া হবে।
সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: কৌশলগত পথনির্দেশনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনায় ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম, শ্রেণিকক্ষের পরিবেশ এবং ধারাবাহিকতা এই তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে ইতোমধ্যে মিডডে মিল চালু হয়েছে এবং আগামী বছরের মধ্যে সব বিদ্যালয়ে তা চালুর পরিকল্পনা রয়েছে।
যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে খেলাধুলাভিত্তিক ও গল্পনির্ভর কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে ধাপে ধাপে পাইলটিং, প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে।
এছাড়া সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিয়ে প্রতিটি বিদ্যালয়ে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম যেমন নাচ, গান ও অভিনয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ আরও কার্যকর করার ওপরও জোর দেওয়া হচ্ছে।

