মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার হয়েছেন। ঘটনাটি দেশটির সিডনি শহরের মারৌব্রা এলাকায় ঘটে, যা ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর ফলে তার পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জানা গেছে, গত ৫ এপ্রিল রুটিন চেকপোস্টে পুলিশ শ্বাস পরীক্ষার সময় ওয়ার্নারকে থামায়। প্রাথমিক পরীক্ষায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রমাণ মেলে। পরে থানায় নেওয়ার পর দ্বিতীয় পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা নিউ সাউথ ওয়েলস রাজ্যের নির্ধারিত সীমার দ্বিগুণেরও বেশি পাওয়া যায়। ফলে তার বিরুদ্ধে ‘মিড-রেঞ্জ ড্রিঙ্ক ড্রাইভিং’ অপরাধ প্রমাণিত হয়েছে।
বর্তমানে করাচি কিংস-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়ার্নার। টুর্নামেন্ট চলাকালীন বিরতিতে তিনি নিজ শহরে অবস্থান করছিলেন। তবে গ্রেপ্তারের ঘটনায় নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৭ মে তাকে সিডনির ডাউনিং সেন্টার লোকাল কোর্টে হাজির হতে হবে।
এদিকে, করাচি কিংসের আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। ৯ এপ্রিল পেশোয়ার জালমি-এর বিপক্ষে ম্যাচের আগে তিনি দলে যোগ দিতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত। যদিও আদালতের শুনানির আগ পর্যন্ত জামিনে রয়েছেন ওয়ার্নার, তবুও তার মাঠে ফেরা নিয়ে ভক্তদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

