বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৮ এপ্রিল) ভারতের নয়াদিল্লি-র হায়দ্রাবাদ হাউসে স্থানীয় সময় দুপুর ১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আলোচনার মূল এজেন্ডায় রয়েছে বাণিজ্য সম্প্রসারণ, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু।
এছাড়া, বৈঠকে আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতি এবং এর প্রভাব নিয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে ভারতের সমর্থন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিল্লি সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাস যাওয়ার পথে দিল্লি সফরে রয়েছেন তিনি। বৈঠক শেষে আগামী ৯ এপ্রিল উভয় পররাষ্ট্রমন্ত্রী একই ফ্লাইটে মরিশাসে যাত্রা করবেন বলে জানা গেছে, যা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

