আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” কে সামনে রেখে বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং উন্নয়ন সংস্থাগুলো দিনটি উপলক্ষে আলোচনা সভা, সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেছে।
সকালে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে একটি গণমুখী সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই দিনে সকাল সাড়ে ১০টায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বিশ্ব স্বাস্থ্য দিবসের সূচনা ১৯৪৬ সালে জাতিসংঘের অর্থনীতি ও সমাজ পরিষদের সিদ্ধান্তের মধ্য দিয়ে। একই বছরের জুন–জুলাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। ১৯৪৮ সালের ৭ এপ্রিল আইনটি কার্যকর হওয়ার পর থেকেই দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছর WHO এমন একটি স্বাস্থ্য ইস্যু নির্বাচন করে, যা বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে সচেতনতা বাড়াতে সহায়ক।
বাংলাদেশেও দিবসটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে, যেখানে স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উন্নয়ন, সবার জন্য নিরাপদ চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

