প্রধান খবর

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ধানমন্ডি থেকে গ্রেপ্তার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও আওয়ামী লীগ নেত্রী শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (০৭ এপ্রিল, ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজস্ব বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশের ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারের পরপরই তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রংপুরের একটি হত্যা মামলার পলাতক আসামি তিনি। সহিংসতার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিরীন শারমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ অন্তত দুটি ফৌজদারি মামলা রয়েছে।

শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক দীর্ঘ মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে টানা চার মেয়াদে তিনি এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন। সংসদীয় রাজনীতিতে তিনি রংপুর-৬ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সবশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে রাজনৈতিক পটপরিবর্তন হলে, ওই বছরের ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রংপুরের ওই হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *