ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা জেলায় রাশিয়ার ড্রোন হামলায় একটি গোলাবারুদের গুদামে ভয়াবহ আগুন ও ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন নিহত এবং চার শিশুসহ আরও ৪২ জন গুরুতর আহত হয়েছেন। জীবন বাঁচাতে ওই এলাকা থেকে প্রায় ৪০০ অধিবাসীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আঞ্চলিক গভর্নর তিমুর তাকাচেঙ্কোর বরাত দিয়ে জানা যায়, হামলার পর বুচা জেলার বিস্ফোরণস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি বোরিসপিল জেলায় আলাদা একটি বিমান হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর প্রাণ হারিয়েছে। রাশিয়া রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গুদামে বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির জন্য গভীর সমবেদনা প্রকাশ করে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, দুর্ঘটনাস্থলে ৩০০ জনেরও বেশি জরুরি সেবাকর্মী নিয়োজিত রয়েছেন। আবাসিক এলাকার কাছাকাছি কেন গোলাবারুদ বা সংবেদনশীল উপাদান সংরক্ষণ করা হয়েছিল-তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, তারা কিয়েভ অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার চালকবিহীন আকাশযান (ড্রোন) এবং উৎক্ষেপণ বুস্টার সংরক্ষিত থাকা গুদাম লক্ষ্য করেই নিখুঁত হামলা চালিয়েছিল। একই দিনে রাশিয়ার বেলগোরোদ ও রোস্তভ অঞ্চলে ইউক্রেনের হামলায় ২ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো।

