জিম্বাবুয়েতে একটি যাত্রীবাহী মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় পতিত ব্যক্তিরা একটি ধর্মীয় গির্জার সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে দেশটির রাজধানী হারারে থেকে প্রায় ১৩২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চিভু শহরের নিকটবর্তী মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, মহাসড়কে একটি ট্রাক অন্য একটি গাড়িকে ভুলভাবে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই মিনিবাসটির সাথে ট্রাকটির সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই মিনিবাসটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ২৩ জন যাত্রী অগ্নিদগ্ধ ও আহত হয়ে মারা যান। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ায়। এই ঘটনায় আরও অন্তত সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, চালকদের বেপরোয়া গতি, ভাঙাচোরা সড়ক অবকাঠামো এবং গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে জিম্বাবুয়েতে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। চাঞ্চল্যকর এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে ইতোমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ প্রশাসন।

