ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে আবাসিক এলাকার কাছে একটি অস্ত্রভান্ডারে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন, যাদের মধ্যে চার শিশু রয়েছে।
শুক্রবার রাতে কিয়েভের পশ্চিমে বুচা জেলায় ওই অস্ত্রভান্ডারে হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার পর সেখানে রাখা গোলা, মাইন ও ড্রোন বিস্ফোরিত হয়ে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে বয়স্ক ও প্রতিবন্ধীদের একটি পরিচর্যা কেন্দ্রও রয়েছে।
জেলেনস্কি বলেন, ‘আবাসিক এলাকার এত কাছে এ ধরনের বিস্ফোরক মজুতের জায়গা থাকা উচিতই ছিল না। ঘটনাটিকে তিনি ‘ভয়াবহ অবহেলা’ হিসেবে উল্লেখ করে অস্ত্রভান্ডারে বিস্ফোরক মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছেন।’
আঞ্চলিক প্রধান তিমুর তকাচেঙ্কোর তথ্য অনুযায়ী, বিস্ফোরণে প্রায় ১৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবারও ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভের পশ্চিমে মিলা গ্রামের একটি ‘গোলাবারুদের গুদাম’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই গুদামে ইউক্রেনের দূরপাল্লার এফপি-১ ও এফপি-২ ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ ও লঞ্চ বুস্টার রাখা ছিল বলে দাবি করেছে মস্কো।
এটি গত কয়েক মাসে কিয়েভের কাছে কোনো অস্ত্রভান্ডারে দ্বিতীয় হামলার ঘটনা। ফলে অস্ত্র ও বিস্ফোরক আবাসিক এলাকার এত কাছে সংরক্ষণ করা নিয়ে ইউক্রেনের ভেতরে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে।

