প্রধান খবর

পানির তীব্র চাপ: কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দিল কর্তৃপক্ষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে বা জলকপাট খুলে দেওয়া হয়েছে।শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। বাঁধের জলকপাট খোলার সময় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল (মিন সি লেভেল)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান।

জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকেও হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল, যা রাতে দ্রুত বৃদ্ধি পায়। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বাঁধের নিরাপত্তা নিশ্চিত রাখতে জরুরিভিত্তিতে অতিরিক্ত পানি নিষ্কাশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের সবকটি চালু রেখে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় এমনিতেই প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হচ্ছিল। এর সাথে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে অতিরিক্ত ৯ হাজার কিউসেক পানি যুক্ত হওয়ায় কর্ণফুলী নদীতে পানির প্রবাহ অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কাপ্তাই, রাঙামাটি এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের অধিবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *