প্রধান খবর

জামালপুরে ভাড়া বাসার বদ্ধ ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর শহরের দক্ষিণ কাচারিপাড়া এলাকার একটি ভাড়া বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ইসরাত জাহান রিমা (২৫) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ‘স্বপ্নপুরী আবাসিক’ এলাকার বকুল ভিলা ভবনের একটি রুমের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিমা জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি গ্রামের মো. রশিদুজ্জামান মণ্ডল ও সাহিদা বেগমের কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন-চার মাস আগে রিমা নিজেকে বিবাহিত পরিচয় দিয়ে ওই কক্ষটি ভাড়া নেন। গত কয়েক দিন ধরে কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। একপর্যায়ে তীব্র দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা বাড়ির মালিককে খবর দেন। পরবর্তীতে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পচাগলে যাওয়া লাশটি দেখতে পান।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এটি রিমার দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলার শুভ নামের এক তরুণের সাথে রিমার প্রেমের সম্পর্ক ও গোপনে বিয়ে হয়। তবে শুভর পরিবার এই বিয়ে মেনে না নিয়ে তাকে অন্যত্র বিয়ে দিলেও শুভর সাথে রিমার যোগাযোগ বজায় ছিল। পরিবার অভিযোগ করেছে, প্রথম স্ত্রীর চাপ কিংবা পারিবারিক মানসিক নির্যাতনের কারণে বিষাদগ্রস্ত হয়ে রিমা আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। রিমার সহপাঠী ও বিভাগীয় প্রধান ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সহায়তায় সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *