প্রধান খবর

বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা এবং প্রদর্শনী শিল্পে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) একাডেমির প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

সিসিপিআইটি একাডেমির প্রেসিডেন্ট ঝাও পিংয়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। তিনি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৃহৎ ভোক্তাবাজার ও বিনিয়োগ সম্ভাবনার প্রশংসা করেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক পরিবেশ নিয়ে যৌথ গবেষণা এবং চীনের নীতি ও বাণিজ্যসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, গবেষণা ও প্রদর্শনী শিল্পকে সহযোগিতার অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়। বিশেষ করে এলপিজি সংরক্ষণাগার, ব্যাটারি প্রযুক্তি ও সৌরবিদ্যুতে চীনা বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। এ ছাড়া চট্টগ্রামের প্রদর্শনীকেন্দ্রের অবকাঠামো উন্নয়ন এবং বৈদ্যুতিক যানবাহন, সৌরশক্তি ও খাদ্যপণ্যের বিশেষায়িত প্রদর্শনী আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।

বিসিসিসিআইয়ের নির্বাহী পরিচালক মো. আবু তাহের চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। বৈঠকে উভয় পক্ষ যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার আশা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *