প্রধান খবর

বিএনপি ‘১৮০ ডিগ্রি পল্টি’ দিয়েছে শিশির মনিরের অভিযোগ

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির অভিযোগ করেছেন, ক্ষমতায় এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের পূর্বঘোষিত অবস্থান থেকে সম্পূর্ণ সরে গেছে। তিনি বলেন, জুলাই সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এখন দলটি ‘১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি’ মেরেছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বক্তব্য দেন। ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক এ সভায় তিনি আরও বলেন, গণভোটে বিপুলসংখ্যক মানুষ সমর্থন দিলেও তা বাস্তবায়নে অনীহা দেখা যাচ্ছে।

তিনি দাবি করেন, যারা জুলাই আন্দোলন ও সংস্কারের ধারা থেকে সরে গেছে, তারা জিয়াউর রহমান-এর আদর্শ থেকেও বিচ্যুত হয়েছে। একইসঙ্গে বর্তমান রাজনৈতিক আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এতে সংবিধান সম্পর্কে অজ্ঞতার প্রতিফলন ঘটছে।

গুম ও মানবাধিকার ইস্যু তুলে ধরে শিশির মনির বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর আইন প্রণয়ন জরুরি। অন্যথায় জনগণের ক্ষোভ আরও বাড়বে। তিনি অভিযোগ করেন, অতীতের মতো এখনও ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি পুরোপুরি বন্ধ হয়নি।

সভায় তিনি আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আবারও সংগঠিত হয়, তাহলে গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করা সম্ভব হবে। তার মতে, জনমতের প্রতি সম্মান প্রদর্শন না করলে রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *