ঢাকার সাভারের আমিনবাজারে ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। তিনি জানিয়েছেন, সরকারি জমি দখল বা প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভূমিদস্যুরা রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি। নিজেদের স্বার্থ হাসিলে তারা বিভিন্ন অনিয়ম ও বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তবে এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। জনগণের অর্থে বেতনভুক্ত কর্মকর্তা হিসেবে জনগণের সম্পদ রক্ষা করাই প্রধান দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
সম্প্রতি একটি আলোচিত জমি সংক্রান্ত ঘটনায় তিনি বলেন, তার যোগদানের পূর্বে ঘটে যাওয়া অনিয়ম শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট মামলার রায় বাতিল এবং জালিয়াতির মাধ্যমে প্রস্তুত খতিয়ান অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নামজারি জোত বাতিল করে অনলাইন রেকর্ড হালনাগাদের কাজ চলমান রয়েছে।
তিনি জানান, প্রতারণার মাধ্যমে দাখিল করা জাল খতিয়ানের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়েছিল, যা তদন্তে উদঘাটিত হয়েছে। ইতোমধ্যে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করে তা সরকারের দখলে নেওয়া হয়েছে।
প্রশাসনের এ কর্মকর্তা আরও বলেন, দীর্ঘদিনের মামলার নিষ্পত্তির মাধ্যমে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে এবং দখল হওয়া সরকারি জমি উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দায়িত্বে থাকা পর্যন্ত সরকারি সম্পত্তি রক্ষায় কোনো আপস করা হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

