প্রধান খবর

কার্যক্রম শুরু হলে আওয়ামী লীগের রাজনীতিই করব- সাকিব

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দেশের বাইরে অবস্থান করা সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিরবতা ভেঙেছেন। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম বর্তমানে স্থগিত থাকলেও ভবিষ্যতে সুযোগ এলে তিনি পুনরায় এই দলের হয়েই রাজনীতিতে সক্রিয় হতে চান।

সাকিব আল হাসান বর্তমানে ক্রিকেটে মনোনিবেশ করলেও রাজনীতির মাঠ ছাড়ার কথা ভাবছেন না। তিনি বলেন, “যেহেতু এখন দলের কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাচ্ছি। দলীয় কার্যক্রম শুরু হলে রাজনীতিতে ফিরে আসার সুযোগ থাকবে।” রাজনীতির দীর্ঘমেয়াদি প্রকৃতি তুলে ধরে তিনি যোগ করেন, “রাজনীতি জীবনব্যাপী করা যায়, সময় অনেক আছে। কিন্তু ক্রিকেটের সময় সীমিত। তাই এখন আমার প্রাথমিক মনোযোগ ক্রিকেটের দিকেই।” মাঠের পারফরম্যান্স নিয়ে তিনি জানান, খেলার প্রতি আগ্রহ যতদিন অটুট থাকবে, ততদিন তিনি খেলে যাবেন।

দীর্ঘদিন দেশের বাইরে থাকায় আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, “যেকোনো মানুষই নিজের দেশে যেতে না পারলে দেশকে মিস করবে। আমিও তার ব্যতিক্রম নই। আমি আশা করি শিগগিরই ফিরতে পারব।” দেশে ফেরার পথে থাকা আইনি প্রতিবন্ধকতাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করছেন বলে জানান তিনি। তার ভাষ্যমতে, “আইনি প্রক্রিয়া চলছে। সবকিছু দ্রুত সমাধান হলে ফিরতে সময় লাগবে না। আমি সর্বোচ্চ চেষ্টা করছি যাতে দ্রুত সবকিছু ঠিক হয়ে যায়।”

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাকিবের নীরবতা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছিল। এমনকি তার দেশে ফেরা প্রতিহত করারও চেষ্টা চলেছিল। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে সাকিব কিছুটা ভিন্ন সুরে কথা বলেন। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতার জন্য তিনি তৎকালীন সরকারের ভুল সিদ্ধান্তকে দায়ী করেন। তিনি মন্তব্য করেন, “বিশ্বকাপ না খেলাটা হতাশাজনক। তখনকার সরকারের কিছু সিদ্ধান্তের কারণেই এটি সম্ভব হয়নি। এর দায়ও সেই সরকারের ওপরই বর্তায়।”

বিশ্লেষকদের মতে, সাকিবের একদিকে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইচ্ছা, অন্যদিকে বিগত সরকারের সিদ্ধান্তের সমালোচনা-তাকে এক নতুন রাজনৈতিক সমীকরণের সামনে দাঁড় করিয়েছে। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কত দ্রুত তিনি দেশের মাটিতে পা রাখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *