ঈদের ছুটি শেষে আবারও মাঠে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তিন ফরম্যাটের সম্ভাব্য স্কোয়াডে থাকা খেলোয়াড়রা প্রায় এক সপ্তাহ ধরে অনুশীলনে ব্যস্ত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে এই প্রস্তুতি ক্যাম্প, যেখানে ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
নির্বাচকরা অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকেও রেখেছেন ক্যাম্পে। এদিকে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। তবে আসন্ন ওয়ানডে সিরিজে তাদের কারও থাকার সম্ভাবনা নেই। কারণ, সর্বশেষ সিরিজে পেসাররা দারুণ ফর্মে ছিলেন, ফলে ওয়ানডে স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
তবে টি–টোয়েন্টি সিরিজে পরিস্থিতি ভিন্ন। হাসান মাহমুদের সুযোগ না থাকলেও তানজিম সাকিবকে টি-টোয়েন্টি স্কোয়াডে দেখা যেতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ মিরপুরে, আর শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে।

