ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের স্মারক হয়ে থাকা দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটি নিলামে ৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪১ কোটি টাকা।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় হেরিটেজ অকশনসের আয়োজিত নিলামে ঐতিহাসিক ‘অ্যাডিডাস অ্যাজটেকা’ বলটি বিক্রি হয়। তবে নিলামকারী প্রতিষ্ঠানটির প্রত্যাশা ছিল বলটির দাম এক কোটি ডলার পর্যন্ত উঠতে পারে।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যারাডোনা। ম্যাচে আর্জেন্টিনার দুটি গোলই করেন তিনি। এর মধ্যে প্রথম গোলটি ‘হ্যান্ড অব গড’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়।
গোলটির সময় ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে লড়াইয়ে ম্যারাডোনা হাত দিয়ে বল জালে পাঠান। রেফারি গোলটি বৈধ ঘোষণা করলে তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ম্যাচের পর ম্যারাডোনা রসিকতা করে বলেছিলেন, গোলটি কিছুটা মাথা এবং কিছুটা ‘ঈশ্বরের হাত’ দিয়ে হয়েছিল।
একই ম্যাচে ম্যারাডোনা দ্বিতীয় গোলটিও করেন, যা পরবর্তী সময়ে ফিফার ভোটে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে নির্বাচিত হয়। মাঝমাঠ থেকে বল নিয়ে একাধিক ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করে তিনি অসাধারণ ওই গোলটি করেন।
ঐতিহাসিক ম্যাচটির রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের ম্যাচ শেষে ব্যবহৃত বলটি নিজের সংগ্রহে রেখে দেন। তিন দশকেরও বেশি সময় বলটি তার কাছেই ছিল। ২০২৩ সালে স্বাক্ষর করা একটি চিঠিতে বিন নাসের নিশ্চিত করেন, নিলামে বিক্রি হওয়া বলটিই ওই ম্যাচে ব্যবহৃত বল। পরবর্তী সময়ে এর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা হয়।
এর আগে ২০২২ সালে বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। পরের বছর নতুন মালিক বলটি পুনরায় নিলামে তুললেও প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেটি বিক্রি হয়নি। এবার অবশ্য ৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হলো ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত এই স্মারক।
ম্যারাডোনার ঐতিহাসিক ১৯৮৬ বিশ্বকাপের স্মারকের মধ্যে এর আগেও বড় অঙ্কের নিলাম হয়েছে। একই ম্যাচে পরা তার জার্সি ২০২২ সালে লন্ডনের একটি নিলামে ৯২ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

