বিনোদন জগতের চাকচিক্য আর গ্ল্যামারের মায়া ত্যাগ করে সম্পূর্ণ নতুন এক জীবন বেছে নিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজের জীবনধারা ও আদর্শে আমূল পরিবর্তনের পর এবার তিনি জীবনের নতুন এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করেছেন। জানা গেছে, সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা।
বেশ কিছুদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসনের প্রতিফলন এবং শোবিজ থেকে দূরত্ব বজায় রাখায় ভক্তদের মাঝে জল্পনা তৈরি হয়েছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক বার্তার মাধ্যমে তিনি নিজের এই আধ্যাত্মিক রূপান্তরের কথা প্রকাশ্যে আনেন। এবার বিয়ের খবর দিয়ে সেই জল্পনার অবসান ঘটালেন তিনি।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন লুবাবা। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ এই বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে, তার নতুন জীবনসঙ্গীও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ। তবে তার স্বামীর বিস্তারিত পরিচয় এখনও তিনি পুরোপুরি প্রকাশ করেননি।
লুবাবার এই আমূল পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। বিনোদন জগত ছেড়ে পর্দানশীন ও ধর্মীয় জীবন বেছে নেওয়ার সাহসী সিদ্ধান্তকে নেটিজেনদের একটি বড় অংশ সাধুবাদ জানাচ্ছেন। বিয়ের খবরটি শেয়ার করার পরপরই শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন এই নবদম্পতি।
একজন শুভাকাঙ্ক্ষী মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখুন।’ অন্য একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাদের নতুন সফরকে বরকতময় করে তুলুন।’
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে লুবাবা নেটদুনিয়ায় বেশ আলোচিত ও সমালোচিত ছিলেন। তবে জীবনের এই নতুন মোড় তাকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। তার ভক্তরা আশা করছেন, নতুন জীবনের এই শান্তি ও স্থিরতা লুবাবার ব্যক্তিগত জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে।

