প্রধান খবর

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা চেয়ে ১৫ দিনের আল্টিমেটাম

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন ও প্রকাশের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে একটি আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধকালীন নির্যাতিত নারীদের তালিকা প্রণয়ন এবং তাদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর মহাপরিচালকের নিকট এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সরকার স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে আসলেও স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রমহানী হওয়া প্রায় ২ লাখ নারীর পূর্ণাঙ্গ ও যাচাইকৃত তালিকা এখনো প্রকাশিত হয়নি। বিষয়টিকে একটি ঐতিহাসিক অবিচার ও জাতীয় বেদনার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, নির্ধারিত ১৫ দিনের মধ্যে শহীদ ও নির্যাতিত নারীদের তালিকা প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে। পাশাপাশি তাদের পরিবারের জন্য সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ প্রদানে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *