প্রধান খবর

কণ্ঠহীন বিরতিতে অলকা ইয়াগনিক

চার দশকেরও বেশি সময় ধরে বলিউডের প্লেব্যাক সংগীতে অনন্য অবস্থান তৈরি করা অলকা ইয়াগনিক হঠাৎ করেই থামিয়ে দিয়েছেন তার সংগীতযাত্রা। একসময় অসংখ্য জনপ্রিয় গানে নায়িকাদের কণ্ঠ হয়ে ওঠা এই শিল্পী এখন শ্রবণশক্তি হারিয়ে কার্যত নীরব জীবনযাপন করছেন।

২০২৪ সালে নিজেই এক বিবৃতিতে অসুস্থতার বিষয়টি প্রকাশ করেন তিনি। একটি ভাইরাল সংক্রমণের পর বিরল স্নায়বিক জটিলতায় আক্রান্ত হন, যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণক্ষমতা। হঠাৎ করেই গান শোনা ও গাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলা তার দীর্ঘ ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে আসে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এখনো গানে ফেরা সম্ভব হয়নি। নিয়মিত বিভিন্ন গীতিকার ও সুরকারদের কাছ থেকে প্রস্তাব পেলেও বর্তমান পরিস্থিতিতে সেগুলো গ্রহণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

অসুস্থতার সূচনা সম্পর্কে তিনি বলেন, একদিন বিমান থেকে নামার সময় আচমকাই বুঝতে পারেন, তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। পরে চিকিৎসকদের মাধ্যমে জানা যায়, ভাইরাসজনিত স্নায়বিক সমস্যার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে।

এ খবর প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। সবাইকে সচেতন করে এই গায়িকা শ্রবণশক্তির যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে উচ্চ শব্দ থেকে দূরে থাকা এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছেন তিনি।

এদিকে তার জন্মদিনে দ্রুত সুস্থতা কামনা করেছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। ভক্তদের প্রত্যাশা, সব প্রতিকূলতা কাটিয়ে আবারও সুরের জগতে ফিরে আসবেন প্রিয় এই শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *