প্রধান খবর

‘উন্নয়নের নামে লুটপাটের দিন শেষ, প্রকৃত জনকল্যাণে কাজ করছে সরকার’

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে। তারা অভিযোগ করেন, পূর্ববর্তী ‘ফ্যাসিস্ট’ সরকার উন্নয়নের আড়ালে দেশজুড়ে দুর্নীতি ও হাজার হাজার কোটি টাকা লুটপাটে লিপ্ত ছিল, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে।

রোববার বিকেল ৩টায় ১৩ দিনের মুলতবি শেষে শুরু হওয়া সংসদ অধিবেশনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল।

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের বাস্তব উন্নয়ন নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার মোহাম্মদ আবু আশফাক বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ইতোমধ্যে ৩৭ হাজার পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি মানুষকে এই সুবিধার আওতায় আনা হবে।’ তিনি আরও জানান, ইমামদের ভাতা প্রদান শুরু হয়েছে এবং আগামী মাস থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

গত ১৭ বছরের আন্দোলন এবং বিশেষ করে ‘জুলাই বিপ্লবে’ জীবন উৎসর্গকারী যোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই ‘নতুন বাংলাদেশ’ গড়া সম্ভব হয়েছে।’

চিফ হুইপ মো. নূরুল ইসলাম রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন এবং হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু তা সমর্থন করেন। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *