কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজমকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম বলেন, শফিকুল ইসলামের ডান চোখ, বাম চোয়াল এবং ওপরের পেটে গুলি লেগেছে। বিশেষ করে পেটে লাগা গুলিটি ভেতরের রক্তনালী ক্ষতিগ্রস্ত করেছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, এখনো ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে কী কারণে এই হামলা হয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

