ফ্রান্সের সাম্প্রতিক পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। রোববার (২২ মার্চ) দ্বিতীয় দফার ভোট শেষে তাদের বিজয় নিশ্চিত হয়। এই সাফল্যকে ফরাসি মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান উপস্থিতি ও প্রভাবের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ইভ্রি-সুর-সেন শহরে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তরুণ ক্রিকেটার জুবায়েদ আহমেদ। তিনি বামঘেঁষা ‘ফ্রন্ট পপুলেয়ার’ জোটের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। এ ছাড়া আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচনে অংশ নিলেও সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের মধ্যে আর কেউ বিজয়ী হননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয় এটি ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক শক্তির ক্রমবর্ধমান অবস্থানকে প্রতিফলিত করে। স্থানীয় পর্যায়ে এই অংশগ্রহণ ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এবারের পৌর নির্বাচনে বড় শহরগুলোতে বামপন্থিরা তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হলেও কিছু এলাকায় ডানপন্থি ও কট্টর ডানপন্থি দলগুলোর অগ্রগতি লক্ষ করা গেছে। বিশ্লেষকদের মতে, এটি ফ্রান্সের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

