টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন পাকিস্তানের ওপেনার সহিবজাদা ফারহান। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখিয়ে তিনি নির্বাচিত হয়েছেন ফেব্রুয়ারির আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ। হারিস রউফের পর প্রথম পাকিস্তানি পুরুষ ক্রিকেটার হিসেবে এই সম্মাননা জিতলেন তিনি।
গেল বিশ্বকাপে ফারহান শুধু রানই করেননি, বরং ভেঙে দিয়েছেন বিরাট কোহলির এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। ৭ ম্যাচে ৭৬.৬০ গড়ে তার সংগ্রহ ছিল ৩৮৩ রান, স্ট্রাইক রেট ১৬০.২৫। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও ছিলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। নামিবিয়া ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তার দুটি দুর্দান্ত শতক ছিল টুর্নামেন্টের আলোচনার কেন্দ্রবিন্দু। ফখর জামানের সঙ্গে তার ১৭৬ রানের জুটি টি–টোয়েন্টিতে যেকোনো উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ জুটি।
এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফারহান উঠে এসেছেন আইসিসি টি–টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা। টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি।

