যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্দিয়া বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন এবং আরও ৪১ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১১টা ৫৮ মিনিটে এয়ার কানাডার একটি প্লেন অবতরণের সময় রানওয়েতে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে প্লেনটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় রানওয়েতে ফায়ার সার্ভিসের একটি ট্রাক অন্য একটি ঘটনায় সাড়া দিতে অবস্থান করছিল। ঠিক সেই মুহূর্তে এয়ার কানাডার প্লেনটি অবতরণ করে এবং ট্রাকটির সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়।
নিহত দুজনই ছিলেন প্লেনের পাইলট ও কো-পাইলট। প্লেনে থাকা ৩৯ যাত্রী এবং নিচে থাকা ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা আহত হন। দুর্ঘটনার পরপরই তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে তদন্ত করে দেখা হবে কী ভুলের কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল এবং ভবিষ্যতে কীভাবে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।

