প্রধান খবর

শাহরুখ খানের রোম্যান্টিক প্রত্যাবর্তন, মেগাবাজেট নতুন ছবিতে ফিরছেন ‘বলিউডের বাদশা’

দীর্ঘ এক দশক পর আবারও রোম্যান্টিক চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। অ্যাকশনধর্মী ছবির ধারাবাহিক সাফল্যের পর এবার তিনি ফিরছেন সেই চেনা প্রেমিক অবতারে, যার জন্য ভক্তরা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। নতুন এই প্রকল্পটি মেগাবাজেটের, আর নির্মাণশৈলী ও গল্পের ধরন সব মিলিয়ে এটি শাহরুখের ক্যারিয়ারে আরেকটি বড় মাইলফলক হতে পারে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘কিং’ সিনেমার কাজ শেষ করে শাহরুখ এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন একটি রোম্যান্টিক চিত্রনাট্যে। ছবিটি তার ব্লকবাস্টার ম্যায় হুঁ না-র ধাঁচে নির্মিত হতে পারে, এমনকি সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতোমধ্যেই তিনি লেখক ও পরিচালনা দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। আলোচনায় রয়েছে ফারহা খানের নাম, যিনি শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু এবং সফল নির্মাতা হিসেবে পরিচিত।

অ্যাকশন ছবির শুটিংয়ে বারবার চোট পাওয়ায় চিকিৎসকেরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই এবার তিনি এমন একটি চরিত্রে ফিরতে চান, যেখানে শারীরিক চাপ কম এবং অভিনয়ের আবেগঘন দিকটি বেশি ফুটে উঠবে। নতুন ছবিটি শুধু সাধারণ প্রেমের গল্প নয়; বরং পরিণত বয়সের বাস্তবধর্মী রোম্যান্সকে কেন্দ্র করে নির্মিত হবে। এতে শাহরুখকে দ্বৈত চরিত্রেও দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চিত্রনাট্য এখন শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের জুনে ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। শুটিং শুরু হতে পারে ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। শাহরুখ ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় প্রত্যাবর্তনের ইঙ্গিত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *