প্রধান খবর

সালমান শাহ স্মরণে বিএফডিসিতে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম কালজয়ী ও অমর নায়ক সালমান শাহ স্মরণে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। রূপালী জগতের এই ক্ষণজন্মা তারকার স্মৃতিকে ভক্ত ও সাধারণ দর্শকের মাঝে উজ্জ্বল রাখতে বিএফডিসি প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বিএফডিসি সূত্রে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, তাদের নিজস্ব ভিআইপি প্রজেকশন হলে এই উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ৩ দিনব্যাপী চলা এই স্মরণ উৎসবের দরজা চলচ্চিত্রপ্রেমী ও সালমান শাহর ভক্ত-অনুরাগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত থাকবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে প্রদর্শনীটি শেষ হবে ৮ সেপ্টেম্বর। প্রতিদিন বিকেল ৪টা থেকে হলে দর্শকদের জন্য সালমান শাহ অভিনীত জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমাগুলো বড় পর্দায় ভেসে উঠবে। ৩ দিনের এই বিশেষ প্রদর্শনীতে দেখানো হবে তিনটি ভিন্ন স্বাদের কালজয়ী চলচ্চিত্র।

প্রদর্শনীর প্রথম দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর বিকেলে প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত আলোড়ন সৃষ্টিকারী চলচ্চিত্র ‘স্বপ্নের ঠিকানা’। দ্বিতীয় দিন, ৭ সেপ্টেম্বর একই সময়ে দর্শকরা উপভোগ করতে পারবেন তাঁর ডেবিউ ও ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। উৎসবের সমাপনী দিন ৮ সেপ্টেম্বর বিকেলে দেখানো হবে জনপ্রিয় রোমান্টিক চলচ্চিত্র ‘তোমাকে চাই’। প্রিয় নায়কের সিনেমা প্রেক্ষাগৃহে বসে পুনরায় উপভোগ করার এই সুযোগ হাতছাড়া করতে চান না তাঁর অগনিত ভক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *