রাজধানীতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে চারটি এলাকায় একযোগে বিশেষ ব্লক রেইড পরিচালনা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে টানা চার ঘণ্টার অভিযানে মোট ৩৪৪ জনকে আটক করা হয়েছে।
মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেণ্ডারিয়া থানা এলাকায় পরিচালিত এ অভিযানে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), সোয়াট, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শ সদস্য অংশ নেন। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শ্যুটারগান, দেশীয় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে পল্লবীতে ২০২ জন, মোহাম্মদপুরে ৫৯ জন, আদাবরে ৪৫ জন এবং গেণ্ডারিয়ায় ৩৮ জন রয়েছেন। আটকদের পরিচয় ও অপরাধসংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাঁদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, মোহাম্মদপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

