বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে ১৭ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী। এতে বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২-এর ধারা-১০(২) অনুযায়ী তানজিম ইবনে ওয়াহাবকে পুনরায় নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে মহাপরিচালক পদে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

